ব্যাংকগুলোকে অনলাইন সেবা জোরদারের নির্দেশনা
সরাসরি ব্যাংকিং এর চেয়ে ডিজিটাল প্লাটফরম ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো প্রজ্ঞাপনে এই আহ্বান জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়,ব্যাংকের গ্রাহক/সেবা গ্রহীতাগণ যাতে ব্যাংক কার্যালয়ে/শাখায়/উপশাখায় সশরীরে উপস্থিত না হয়েই তাদের কাংখিত সেবা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে সকল ব্যাংককে তাদের ‘অন-লাইন সেবা’ আরো জোরদার করতে হবে।
ব্যাংকের গ্রাহকদের মোবাইল/ইন্টারনেট ব্যাংকিং এ উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ
করতে হবে। যে সকল ব্যাংকিং সেবা ব্যাংকের হটলাইন/কল সেন্টার থেকে দেয়া সম্ভব সে সকল সেবা উক্ত
মাধ্যমেই প্রদান করতে হবে।
ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহককে প্রাথমিকভাবে ব্যাংকের হটলাইন/কল সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করাসহ ব্যাংকের হটলাইন/কল সেন্টার এর মাধ্যমে প্রদেয় সেবার তালিকা এসএমএস-এর মাধ্যমে গ্রাহককে অবহিত করতে হবে এবং বিস্তারিত ব্যাংকের ওয়েবসাইটে ও প্রতিটি শাখায় সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে প্রদর্শন করতে হবে। হটলাইন/কল সেন্টারে প্রয়োজনীয় সংখ্যক ব্যাংকের কর্মকর্তা নিয়োজিত করতে হবে।
এছাড়াও ব্যাংকের সকল কর্মকর্তাদের ২টি টিমে ভাগ করে সাপ্তাহিক ভিত্তিতে রোস্টারিং এর মাধ্যমে অফিসের কার্যাবলী সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে ওই প্রজ্ঞাপনে।